শিরোনাম

South east bank ad

আইএফআইসির সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আইএফআইসির সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা

‘‌আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড’ ইস্যুতে অনিয়মের অভিযোগে আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড’ শীর্ষক ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের ও ১ হাজার কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটির জামিনদার হিসেবে দায়িত্ব পালন করেছে আইএফআইসি ব্যাংক, আর অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড। তবে রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড ওই বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে।

কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নাম ব্যবহার করা হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মাঝে ধারণা সৃষ্টি হয়েছে বন্ডটি ইস্যু করেছে আইএফআইসি ব্যাংক, যা আসলে বিভ্রান্তিকর।

বিষয়টি নজরে আসার পর কমিশনের ৯৬৫তম সভায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। যেখানে শাহ আলম সারওয়ারের বিরুদ্ধে প্রথমে এনফোর্সমেন্ট কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় তাকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এর আগে একই বন্ডে অনিয়মের ঘটনায় কমিশনের ৯৬৫তম সভায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে তার ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। বন্ডটির ক্রেডিট রেটিং প্রদানকারী ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সভায় বিএসইসির সাবেক কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এছাড়া আইএফআইসি ব্যাংকের সাবেক মনোনীত পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ ও স্বতন্ত্র পরিচালক সুধাংশু সরকার বিশ্বাসকে সতর্ক করার সিদ্ধান্ত নেয় কমিশন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: