ইডকল ও প্রাণ-আরএফএল গ্রুপের যৌথ উদ্যোগে সবুজ শিল্পায়নে নতুন দিগন্ত
দেশের শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং প্রাণ-আরএফএল গ্রুপ তাদের কৌশলগত অংশীদারত্ব তুলে ধরেছে।
এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের টেকসই শিল্পায়ন অগ্রযাত্রায় যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ইডকল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের অংশ হিসেবে ইডকল তার এনার্জি এফিশিয়েন্সি ফাইন্যান্সিং উইন্ডোর আওতায় কালীগঞ্জ অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডকে ২০০ কোটি টাকা অর্থায়ন করেছে। এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমের সামগ্রিক দক্ষতা উন্নয়নে সহায়তা দেয়া হচ্ছে।
এছাড়া ইডকল বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে একাধিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করেছে, যার সম্মিলিত স্থাপিত সক্ষমতা প্রায় ৩৫ মেগাওয়াট। এর মধ্যে রয়েছে চোরকা টেক্সটাইলস লিমিটেড (২ দশমিক ৯৩ মেগাওয়াট), গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড (১ দশমিক ৫৬ মেগাওয়াট), রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩ দশমিক শূন্য ৮ মেগাওয়াট) ও সিলভান টেকনোলজিস লিমিটেড (২৭ দশমিক ৩৮ মেগাওয়াট)।
অনুষ্ঠানে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোরসেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের মধ্যে সমন্বয় ক্রমে জোরদার হচ্ছে। বাংলাদেশ কেবল জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করার পর্যায় থেকে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহারের দিকে অগ্রসর হচ্ছে, যা শিল্প খাতের চাহিদা ও বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপ তাদের কার্যক্রমে পরিচ্ছন্ন জ্বালানি সংযুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করছে, যেখানে ক্রেতারা ক্রমেই নিম্ন কার্বন উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে।


