আগস্টের প্রথম ১৬ দিনে প্রবাসআয় ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার
চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বছরের একই সময়ে আসা ১ দশমিক ২৬৪ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
সেই হিসেবে গত বছরের তুলনায় ৪১ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাসআয় এসেছে গত ১৬ দিনে।
২০২৬ সালের জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪ দশমিক ৬৪৭ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ৭৪২ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯০৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৪ দশমিক ২ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক খাতকে শক্তিশালী করতে সহায়তা করছে।
এছাড়া রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের আয় এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে এসব পরিবারের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিতে এর প্রভাব পড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী গতি বজায় রয়েছে।


