বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সিএসই পর্ষদের সাক্ষাৎ
পুঁজিবাজার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) শীর্ষ নেতাদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা কমিশন ভবনে গতকাল এ বৈঠকে মিলিত হন। এ সময় বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানের পাশাপাশি সংগঠনটির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বিশেষ করে দেশের প্রথম কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সর্বশেষ অগ্রগতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বর্তমানে স্থবির হয়ে থাকা বিভিন্ন কার্যক্রম দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশনের সহযোগিতা কামনা করা হয়।
সাক্ষাৎকালে সিএসই পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।


