সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানাল এনবিআর
সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলোকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৭ আগস্ট) চলতি অর্থবছরের বাজেটে যে সব শুল্ক-কর সুবিধা দেওয়া হয়েছে সেগুলো প্রতিপালনের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক-কর ছাড়ের সুবিধা দেওয়া হলেও মাঠপর্যায়ে বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে এসব পণ্যচালান শুল্কায়নে দীর্ঘসূত্রতা ও জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের জন্য বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
এনবিআরের পরিপত্রে বলা হয়, মূলধনি যন্ত্রপাতি সংক্রান্ত ২০২৫ সালের ২৯ মে জারি করা প্রজ্ঞাপন এবং নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত ২০২৬ সালের ৮ জুন জারি করা প্রজ্ঞাপন—উভয় ক্ষেত্রেই সোলার ফটোভোলটিক-মডিউল-প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের এইচএস কোড ৮৫৪১.৪৩.০০।
ফলে কোনও আমদানিকারক একটি বিল অব এন্ট্রিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক পণ্য ঘোষণা করলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সোলার প্যানেলের ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপনের নির্ধারিত সিপিসি এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ সংক্রান্ত প্রজ্ঞাপনের সিপিসি উল্লেখ করে পণ্য খালাস করা যাবে।
এনবিআর আরও জানিয়েছে, ২০২৬ সালের ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের টেবিল-১-এ সোলার ইনভার্টারের ক্ষেত্রে অসাবধনতাবশত ৮৫০৪.৪০.৪০-এর পরিবর্তে ৮৫০৪.৪০.৯০ এইচএস কোড উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে পণ্যের বর্ণনাই প্রাধান্য পাবে। ফলে সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত শুল্ক-কর রেয়াতি সুবিধা প্রযোজ্য হবে।


