ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করুন: তাসকীন আহমেদ
সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে আইন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
গতকাল ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পশ্চিম) অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে তাসকীন আহমেদ বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে সরকার ভ্যাট, আয়কর, শুল্ক এবং ই-রিটার্ন ব্যবস্থায় বেশকিছু পরিবর্তন এনেছে। এসব সংশোধিত নীতিমালা সম্পর্কে ব্যবসায়ীদের সম্যক ধারণা থাকা জরুরি। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করা সম্ভব হবে। কর প্রদানের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা এড়ানো এবং জিডিপিতে করের অবদান বাড়াতে সরকার স্বয়ংক্রিয় ও ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ব্যবস্থার সুযোগ ও কার্যক্রম সম্পর্কে উদ্যোক্তাদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে নির্ঝর আহমেদ বলেন, ‘রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ আর্থিক অবদান রাখেন। তাই ব্যবসার সব ক্ষেত্রে আইন ও বিধিবিধানের প্রতিপালন নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়ম সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন থাকতে হবে।’


