জরুরি ভিত্তিতে আট কার্গো এলএনজি ও পাঁচ হাজার টন এলপিজি কেনার অনুমোদন
বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে জরুরি ভিত্তিতে আট কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাঁচ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এছাড়া গতকাল অর্থনৈতিক ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরো বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ গ্যাসের জরুরি চাহিদা মেটাতে যুক্তরাজ্যের ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেড, অস্ট্রেলিয়ার গ্লোবাল ফুয়েল সাপ্লাইস পিটিই লিমিটেড, মালয়েশিয়ার প্লেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডি এবং ওমানের ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে দুটি করে মোট আট কার্গো এলএনজি সরাসরি কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। পাশাপাশি এলপিজির স্থানীয় সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে স্পিড মার্কেটিং করপোরেশনের (স্পিড গ্রুপ) কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচ হাজার টন এলপিজি (প্রোপেন ৩৫-৪০ শতাংশ ও বিউটেন ৬০-৬৫ শতাংশ) আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সৌদি আরামকো সিপি দরসূচকের ওপর প্রতি টনে ৯৭ ডলার প্রিমিয়ামে এটি কেনা হবে।
সভায় সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য ২০০টি ইলেকট্রিক বাস কেনার অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় ইলেকট্রিক বাস সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন ও আনুষঙ্গিক অবকাঠামো তৈরির কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করা হবে।


