মার্কিন বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের অনুকূলে না হলে সংশোধনের সুযোগ রয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের অনুকূলে না হলে তার সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকায় গতকাল জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুটি রাষ্ট্র কোনো চুক্তি করলে তা ইচ্ছা-স্বাধীন পরিবর্তন করা যায় না। দুটি ব্যক্তির মধ্যে চুক্তি হলে চট করে রদবদল করা যায়; কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে তা সম্ভব নয়।’
চুক্তির মধ্যে বিভিন্ন ধারা থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু ধারা একটি পক্ষের অনুকূলে যায়, কিছু অন্যপক্ষের। দুই পক্ষের একটা উইন উইন সিচুয়েশন থাকে। এটি মিলিয়েই তো চুক্তি। তবে চুক্তি বাস্তবায়নের সময় এমন কিছু যদি আমাদের সামনে আসে, যা দেশের স্বার্থের অনুকূলে নয়— এমন ধারা যদি পরিলক্ষিত হয় তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।’
মূল্যস্ফীতি-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পণ্যের দামের ওপর যে অভিঘাত তা ওয়ানটাইম স্পাইক, ওয়ানটাইম ইনক্রিজ। এ কারণে মূল্যস্ফীতি স্পাইলার হবে না, আবার স্টিকিও হবে না।’
তিনি আরো বলেন, ‘দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে, সেটি কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একটি ড্যানিশ কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। বন্দরের কাজ দ্রুত হলে ইউনিটপ্রতি খরচ কমে আসবে।’
বাইশটিলায় ন্যাচারাল পার্ক নির্মাণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটিকে পর্যটক আকর্ষণীয় স্থানে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে ন্যাচারাল পার্কে কেবল, রোপ ব্রিজ—এ রকম অনেক কিছু থাকবে। শিশু থেকে প্রাপ্তবয়স্কদের জন্য অনেক উপকরণ থাকবে। এটি নিয়ে একটি মাস্টারপ্ল্যান করেছে জেলা পরিষদ।’


