পোশাক ও বস্ত্র খাতের উন্নয়নে আরএমজি ক্লাব-বিটিএমএর কৌশলগত সমঝোতা
দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আরএমজি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বুধবার (১ জুন) রাজধানীর আম্বার গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় উভয় সংগঠনের নেতারা এই কৌশলগত সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।
সভায় আরএমজি ক্লাব লিমিটেডের সভাপতি রেজাউল আলম মিরু এবং বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে উভয় সংগঠনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে টেক্সটাইল ও পোশাক খাতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ, যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় এবং শিল্পের স্বার্থসংশ্লিষ্ট নীতিগত বিষয়ে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উদ্যোক্তারা মনে করেন, টেক্সটাইল ও তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে নিবিড় সমন্বয় এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব।
সেই লক্ষ্যেই একটি শিল্পবান্ধব নীতিগত পরিবেশ গড়ে তুলতে দুই সংগঠন পারস্পরিক সমন্বয় আরও জোরদার করবে।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে সব অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার কোনো বিকল্প নেই।
বৈঠক শেষে উভয় সংগঠন নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে। দেশের সর্ববৃহৎ এই রপ্তানিমুখী খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরিতে যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও তারা একমত হন।


