উচ্চ শিক্ষায় অর্থায়নে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপের মধ্যে এমওইউ স্বাক্ষর
দেশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ব্যয় নির্বাহে সহজ ও কাঠামোবদ্ধ অর্থায়ন সুবিধা সম্প্রসারণে স্প্লিটপে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও স্প্লিটপের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
কমিউনিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত খরচ মেটাতে অর্থায়ন সুবিধা পাবেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ উদ্যোগ বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্লাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়ন প্রক্রিয়া সহজ, দ্রুত, কার্যকর ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। একই সঙ্গে উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ ও ডিজিটাল উদ্ভাবনের পাশাপাশি দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরো জোরদার করবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমানোর পাশাপাশি শিক্ষা অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।


