সিটি গ্রুপের ঋণ বিপর্যয় পরিস্থিতি তৈরিতে দায় রয়েছে দক্ষ ব্যাংকারদেরও
একজন দক্ষ ব্যাংকারের মূল ভূমিকা হলো আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের সঠিক পরামর্শ দেয়া এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখা।
আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় একজন ব্যাংকারকে একই সঙ্গে আর্থিক বিশ্লেষক এবং গ্রাহক সেবক হিসেবে কাজ করতে হয়। এর মাধ্যমে ব্যাংকাররা হয়ে ওঠেন অর্থনৈতিক উন্নয়নের সহযোগী। যদিও দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘সিটি’র ক্ষেত্রে নিজেদের এ দায়িত্ব পালনে দক্ষ ব্যাংকাররাও ব্যর্থ হয়েছেন।
দেশ যে গ্যাসের অভাবসহ ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে, সে লক্ষণ দৃশ্যমান হয়েছিল প্রায় এক দশক আগে। দেশে উত্তোলিত গ্যাসে শিল্প-কারখানা সচল রাখতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালের এপ্রিল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে সরকার। তারও আগে থেকে বিভিন্ন শিল্প-কারখানায় নতুন গ্যাস সংযোগ দিতে ব্যর্থ হচ্ছিল পেট্রোবাংলা। অথচ গ্যাস সংযোগ নিশ্চিত না করেই ২০২০ সাল-পরবর্তী সময়ে এক সঙ্গে ছয়টি বৃহৎ শিল্প-কারখানা গড়ে তুলেছে ‘সিটি গ্রুপ’। এক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা এ শিল্প-কারখানাগুলোই মূলত গ্রুপটিকে বিপদে ফেলেছে। আর ঝুঁকি পর্যালোচনা না করে কেবল সুনামের ওপর ভিত্তি করে গ্রুপটিকে হাজার হাজার কোটি টাকার ঋণ দিয়ে বিপদ ডেকে এনেছে ব্যাংকগুলো। আর এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় ছিলেন দেশের ভালো ব্যাংক ও ভালো ব্যাংকার হিসেবে পরিচিত শীর্ষ নির্বাহীরা।
বাংলাদেশ ব্যাংক ও অর্থায়নকারী ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে সিটি গ্রুপের মোট ঋণ স্থিতি ছিল ২৪ হাজার ৭৭৪ কোটি টাকা। দেশী-বিদেশী মোট ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ ঋণ নেয়া হয়েছে। গ্রুপটিকে ঋণ দেয়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো ব্যাংক। আর দেশের বেসরকারি খাতের সেরা ব্যাংকগুলোও গ্রুপটিকে ঋণ দেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এ তালিকায় রয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম, ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইউসিবি, ডাচ্-বাংলা, পূবালী ও ব্যাংক এশিয়ার মতো বেসরকারি ব্যাংকগুলো। এসব ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যাংকাররা দেশের ‘সেরা ব্যাংকার’ হিসেবে পরিচিত।
এর মধ্যে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাহবুব উর রহমান। প্রথম বাংলাদেশী হিসেবে ২০২০ সালের মার্চ থেকে বহুজাতিক ব্যাংকটির শীর্ষ নির্বাহীর পদে রয়েছেন তিনি। আর ২০১৭ সাল থেকে টানা নয় বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন নাসের এজাজ বিজয়। সম্প্রতি তিনি এ পদ থেকে পদত্যাগ করেছেন।
দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে রয়েছেন মাসরুর আরেফিন। ২০১৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। আর ২০০৭ থেকে টানা ১৮ বছর ইস্টার্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন আলী রেজা ইফতেখার। চলতি বছর তিনি ব্যাংকটি থেকে অবসরে গেছেন। আরেক জ্যেষ্ঠ ব্যাংকার সেলিম আর এফ হোসেন ২০১৫ সাল থেকে টানা ১০ বছর ব্র্যাক ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেন। গত বছর তিনি ব্যাংকটি থেকে পদত্যাগ করেন। আর ২০২১ সাল-পরবর্তী সময়ে প্রাইম ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্বে ছিলেন হাসান ও. রশীদ। সম্প্রতি তিনি ইস্টার্ন ব্যাংকের এমডি পদে যোগদান করেছেন। দেশের জ্যেষ্ঠ শীর্ষ নির্বাহীদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছেন সৈয়দ মাহবুবুর রহমান। ২০১৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।


