গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেসের যৌথ যাত্রা, ‘জিপে’ বুথ উদ্বোধন
তৃণমূল পর্যায়ে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ক্যাশলেস যুগে প্রবেশ করতে যাচ্ছে গ্রামীণ ব্যাংক। এই লক্ষ্যে গ্রামীণ টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যৌথভাবে ক্যাশলেস ডিজিটাল সেবা চালু হচ্ছে। গতকাল গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘জিপে’ এক্সপেরিয়েন্স বুথ উদ্বোধনের মাধ্যমে যৌথ এ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হয়।
এসময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী, গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান, এ কে এম সাজ্জাদ হোসেন ও মো. রেজাউল করিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘তৃণমূল পর্যায়ে নগদ টাকা লেনদেনের স্বচ্ছতা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। গ্রামীণ ব্যাংক ৫০ বছরের পথচলায় যে মাইলফলকে পৌঁছেছে, আগামী ৫০ বছরে বৈশ্বিক অগ্রযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে প্রযুক্তিগত রূপান্তর অপরিহার্য।’
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান বলেন, ‘ক্ষুদ্রঋণ খাতের বাস্তবতা বিবেচনায় সর্বোচ্চ সাইবার সুরক্ষা ও প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করেই এই প্লাটফর্ম তৈরি করা হয়েছে। ফলে গ্রামীণ ব্যাংকের সদস্যরা ঘরে বসেই সহজে ও সম্পূর্ণ নিরাপদে তাদের কিস্তি ও সঞ্চয়ের টাকা লেনদেন করতে পারবেন ।’
গ্রামীণ ব্যাংকের পরিচালক নাজনীন সুলতানা বলেন, ‘গ্রামীণ ব্যাংককে ডিজিটাল করার অনেক উদ্যোগ অতীতে নেয়া হলেও প্রকৃত অর্থে ক্যাশলেস সেবা এবারই প্রথম বাস্তবায়িত হতে যাচ্ছে।’
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, ‘সমাধান সার্ভিসেস লিমিটেডের জিপে অ্যাপের মাধ্যমে আমাদের কিস্তি ও আমানত সংগ্রহ কার্যক্রম ক্যাশলেস করা হচ্ছে। অ্যাপটি এখন প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন ও যাচাই করতে পারবেন।’
সমাধান সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী বলেন, ‘অ্যাপটির ব্যবহার নিশ্চিত করতে আমরা ২৪/৭ সাপোর্ট ও হেল্পলাইন চালু রেখেছি। বাংলা কিউআর কোডসহ বিভিন্ন পরিষেবা নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে


