ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে শুকনো হলুদের
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনো হলুদের আমদানি কমেছে।
গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে মসলাপণ্যটির আমদানি কমেছে প্রায় ২৫০ টন। বন্দরে আমদানি কমে যাওয়ায় সাতক্ষীরার মসলা বাজারগুলোতে বেড়েছে গুঁড়া হলুদের দাম।
ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ বছরের জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে শুকনো হলুদ আমদানি হয়েছে ৯৯৪ টন। যার মূল্য ছিল ১৭ কোটি ৪ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময় মসলাপণ্যটি ১ হাজার ২৩৫ টন আমদানি করা হয়। এর মূল্য ছিল ২০ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের জুলাইয়ে পণ্যটির আমদানি কমেছে ২৪১ টন।
গতকাল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দেশী হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা দরে। আমদানীকৃত ভারতীয় হলুদ বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এক-দেড় মাস আগেও আমদানীকৃত হলুদ ২৫০ এবং দেশী গুঁড়া হলুদ ২৯০-৩০০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় গুঁড়া হলুদের দাম কিছুটা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। তাছাড়া বন্দরে আমদানি কমে যাওয়ায় মসলা বাজারগুলোয় সরবরাহ কমেছে গুঁড়া হলুদের।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত মৌসুমে জেলায় মোট কাঁচা হলুদ উৎপাদন হয়েছে ৩ হাজার ৩৩০ টন।’


