ব্র্যাক ব্যাংকের সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ডিএসইর এটিবিতে তালিকাভুক্ত
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ‘বিবিএল২এনডিএসবি’ প্রতীকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংকের সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ‘বেল রিংগিং’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং ডিএসইর এমডি নুজহাত আনোয়ার উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম দিনেই বন্ডটির ২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়, যা দেশের স্থির আয়ভিত্তিক সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।
এতে আরো বলা হয়, আর্থিক অন্তর্ভুক্তি, টেকসই অর্থায়ন এবং বাজার উদ্ভাবনকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের আর্থিক খাতে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ব্যাংকটি দেশের প্রথম সোশ্যাল বন্ড চালু করেছে, যা শিগগিরই তালিকাভুক্ত হবে বলে আশা করছে ব্যাংকটি।
এর আগে ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক ৭০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সেকেন্ড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করে, যা ছিল নন-কনভার্টিবল, পূর্ণাঙ্গ রিডিমেবল ও কুপন-বহনকারী ফ্লোটিং রেট ইনস্ট্রুমেন্ট। এ বন্ডটি ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে চালু করা হয়। এতে ৬৬৩ জন বিনিয়োগকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৮২ শতাংশ ছিলেন ব্যক্তি বিনিয়োগকারী।
অনুষ্ঠানে ডিএসইর পক্ষে আরো উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আসাদুর রহমান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. আবিদ হোসেন খান। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও এম মাসুদ রানা; হেড অব ট্রেজারি নাজমুল আহসান এবং হেড অব ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী রকিব-উল হক। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ডটির ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি ও সিইও তানজিম আলমগীর এবং লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সিইও সৈয়দ রাশেদ হোসেন।


