ওসমানী বিমানবন্দরে গ্রিন লাউঞ্জ চালু করল পূবালী ব্যাংক
পূবালী ব্যাংক পিএলসি তার গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ‘পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ’ চালু করেছে।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের পরিচালক রুমানা শরীফ ও রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এ প্রিমিয়াম লাউঞ্জটি উদ্বোধন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, ‘গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিন লাউঞ্জটি ক্রেডিট কার্ড গ্রাহকদের ভ্রমণকে আরো আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে গ্রিন লাউঞ্জটি রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। পূবালী ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এ লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্বাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর।


