এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা
এনসিসি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে কর্মরত নারী কর্মীদের জন্য সম্প্রতি ‘মাইন্ড ম্যাটারস: ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর উইমেন’ শীর্ষক মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক একটি কর্মশালার আয়োজন করা হয়।
এতে ব্যাংকের ১৪২ জন নারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশের বিভিন্ন শাখার নারী কর্মকর্তারা ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন। এনসিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালাটি পরিচালনা করেন মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান। এ সময় তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন। এছাড়া অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস) ও পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ারের (পিএইচকিউ) মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এসব টুলস মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণ্নতা শনাক্ত এবং ব্যবস্থাপনায় সহায়তা করে। এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন।


