শিরোনাম

South east bank ad

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব দিল ‘নগদ’

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব দিল ‘নগদ’

রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’।

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে অর্জিত মোট রাজস্ব থেকে এ অর্থ দেয়া হয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন এমএফএস প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। নগদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সব বিনিয়োগই করবে নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকবে না। তবে সেবা থেকে রাজস্ব আয়ের ৫১ শতাংশ বাংলাদেশ ডাক বিভাগ আর নগদ লিমিটেড পাবে বাকি ৪৯ শতাংশ।

এমএফএস প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেবা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রাজস্বের অংশ দিয়েছে নগদ লিমিটেড। এর মধ্যে ২০২৪ সালের মে মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকার চেক হস্তান্তর করা হয়। তারও আগে ২০২২ সালে ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা এবং ২০২০ সালে ১ কোটি ১২ লাখ টাকা ডাক বিভাগকে দেয় নগদ লিমিটেড।

চেক হস্তান্তরের পর নগদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ‘নগদ এ খাতের বাজারে যথেষ্ট প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে আরো উৎসাহ দিচ্ছে। এর ফলে এ খাতে বাংলাদেশের প্রভূত উন্নতি ঘটছে।’ এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নগদ ডাক বিভাগেরই সেবা। ডাক বিভাগ ও নগদের সবাই মিলে আমরা ‘নগদকে’ আরো এগিয়ে নেব। এখন বছরে ১৩-১৪ কোটি টাকা পাওয়া যাচ্ছে। আশা করি সেই সময় দূরে নয় যখন বছরে এখান থেকে সরকার শত কোটি টাকা রাজস্ব পাবে।’

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষকে আর্থিকভাবে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নগদের অবদান অসামান্য। নতুন নতুন উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রে নগদের অবদান সবচেয়ে বেশি। সেই সঙ্গে প্রতি বছর সরকারের রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এসএম হারুনুর রশীদ, নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিন, নগদের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলামসহ নগদ লিমিটেড ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: