বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে অনুদান দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক
গরিব রোগীদের চিকিৎসার্থে ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতালে ১০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. একেএম একরামুল হোসাইন স্বপনের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক এবং জেএভিপি, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ। শাহ্জালাল ইসলামী ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং হাসপাতাল একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, যা থ্যালাসেমিয়া রোগী ও তাদের অভিভাবক দ্বারা গঠিত-পরিচালিত। থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। বাবা-মা উভয়েই এ রোগের জিন বহন করলে তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। বর্তমানে বাংলাদেশে প্রায় সহস্রাধিক শিশু এ রোগে ভুগছে এবং প্রতি বছর ১০-১৫ হাজার শিশু এ রোগ নিয়ে জন্মগ্রহণ করছে।
নিয়মিত রক্ত পরিসঞ্চালন ও কিছু ব্যয়বহুল ওষুধ সেবন করে রোগী মোটামুটিভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু এর জন্য প্রতি মাসে ৮-২০ হাজার টাকা ব্যয় হয়। তবে মাত্র অল্প কিছু টাকা ব্যয় করেই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি থেকে এইচপি ইলেক্ট্রোফরোসিস পরীক্ষার মাধ্যমে একজন জেনে নিতে পারেন তিনি এ রোগের বাহক কিনা।


