নগদ ওয়ালেটে রেমিট্যান্স আনা যাচ্ছে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে
প্রবাসীদের স্বজনদের জন্য দেশে টাকা পাঠানোর আরো একটি সহজ মাধ্যম উন্মুক্ত করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি। এর ফলে ব্যাংকটির রেমিট্যান্স গ্রাহকরা তাদের স্বজনদের কাছে নগদ ওয়ালেটের মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি রেমিট্যান্স পেমেন্টবিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এ সময় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ অংশীদারত্বের আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে উপকারভোগীরা সর্বনিম্ন ক্যাশ আউট খরচে ২৪ ঘণ্টা এ অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সরকারের দেয়া ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন রেমিট্যান্স গ্রহীতারা। এছাড়া ৬০টিরও বেশি মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এবং তিন লাখেরও বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এ সেবা পাওয়া যাচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান ও রেমিট্যান্স প্রধান মিল্টন রায়। অন্যদিকে নগদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান ও মো. আবু তালেব, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া এবং রেমিট্যান্স প্রধান মো. আহসানুল হক বাশার।


