শিরোনাম

South east bank ad

পদ্মা অয়েলের আয় ও মুনাফা দুটোই বেড়েছে

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

পদ্মা অয়েলের আয় ও মুনাফা দুটোই বেড়েছে

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসির চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জ্বালানি বিক্রির পরিমাণ বাড়ার পাশাপাশি আয় ও নিট মুনাফাও বেড়েছে। এ সময়ে কোম্পানিটির অপরিচালন খাত থেকেও আয় বেড়েছে। পদ্মা অয়েলের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে পদ্মা অয়েল ৭ লাখ ৮৭ হাজার ১৩ টন পেট্রোলিয়াম পণ্য বিক্রি করেছে। আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৬ লাখ ২৯ হাজার ২৮০ টন। আলোচ্য প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্য বিক্রি করে কোম্পানিটির ৯৫ কোটি ৯৩ লাখ টাকা নিট আয় হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে আয় হয়েছিল ৮৮ কোটি ৩৪ লাখ টাকা।

অপরিচালন খাত থেকে চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ১৬৬ কোটি ৯৮ লাখ টাকা আয় করেছে পদ্মা অয়েল। আগের হিসাব বছরের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ১৫৫ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ১৬৯ কোটি ৭৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৭ কোটি ৫১ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ২৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৪ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পদ্মা অয়েলের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২৮ টাকা ৩৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী বছরের ১ জানুয়ারি সকাল ১০টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

১৯৭৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি, পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার ও রিজার্ভে রয়েছে ২ হাজার ৬০১ কোটি ৭৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০। এর মধ্যে সরকারের কাছে ৫০ দশমিক ৩৫ শতাংশ, উদ্যোক্তা পরিচালক ২ দশমিক শূন্য ৬, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩ দশমিক শূন্য ৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পদ্মা অয়েলের শেয়ার গত বৃহস্পতিবার সর্বশেষ ১৯৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৬৩ টাকা ৮০ থেকে ২০৫ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: