ফার্মেসিতে পাওয়া যাবে আরলার ড্যানো ল্যাকটো রিডিউসড
ল্যাকটোজ সংবেদনশীলতা রয়েছে এমন গ্রাহকদের জন্য বাজারজাতকৃত ড্যানো ল্যাকটো রিডিউসড ফিলড মিল্ক পাউডার এবার ফার্মেসিতে সরবরাহ করবে আরলা ফুডস বাংলাদেশ। এ লক্ষ্যে ফার্মাসিউটিক্যাল পণ্য বিতরণ ও স্বাস্থ্যসেবা সরবরাহ চেইন প্রতিষ্ঠান ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। আরলা ফুডস বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ঢাকার ফার্মেসিগুলোয় পণ্যটি সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে দেশব্যাপী বিতরণের পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ঢাকার ফার্মেসিগুলোয় পণ্যটির একক বিতরণস্বত্ব পেয়েছে ফার্মা সলিউশনস।
অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি; হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন উপস্থিত ছিলেন। ফার্মা সলিউশনস বাংলাদেশের পক্ষে চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।
আরলা ফুডস বাংলাদেশের তথ্যানুযায়ী, ড্যানো ল্যাকটো রিডিউসডে ল্যাকটোজের পরিমাণ সাধারণ দুধের তুলনায় প্রায় ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে আনা হয়েছে। তবে এতে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩-এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান বজায় রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এটিই প্রথম ল্যাকটোজ-হ্রাসকৃত ফিলড মিল্ক পাউডার।
আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ‘হজমজনিত অস্বস্তির কারণে কেউ যেন প্রয়োজনীয় দুগ্ধপুষ্টি থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের লক্ষ্য’ ফার্মেসির মাধ্যমে বিতরণ সম্প্রসারণের ফলে গ্রাহকদের কাছে পণ্যটি আরো সহজলভ্য হবে বলেও আশা করছেন তিনি।
ফার্মা সলিউশনস বাংলাদেশের চেয়ারম্যান একরাম হোসেন জানান, প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা ও ফার্মেসি নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রথমে ঢাকায় এবং পরবর্তী সময়ে দেশব্যাপী পণ্যটির প্রাপ্যতা নিশ্চিত করা হবে।


