শিরোনাম

South east bank ad

জুলাইয়ে চীনের রিজার্ভে যুক্ত হলো ২০ টন স্বর্ণ

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

জুলাইয়ে চীনের রিজার্ভে যুক্ত হলো ২০ টন স্বর্ণ

স্বর্ণের মজুদ বাড়ানোর ধারা অব্যাহত রেখেছে চীন। জুলাইয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ২০ টন স্বর্ণ যোগ হয়েছে।

এর মধ্য দিয়ে টানা ২১ মাস স্বর্ণ কেনার ধারা বজায় রাখল দেশটি। গত শুক্রবার চীন সরকার এসব তথ্য প্রকাশ করে। খবর আনাদোলু।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) হিসাবে জুলাইয়ের শেষে দেশটির স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৬ লাখ ৮০ হাজার আউন্সে। জুনের শেষে মজুদ ছিল ৭ কোটি ৫ লাখ ৪৪ হাজার আউন্স। এক মাসে রিজার্ভ বেড়েছে ৬ লাখ ৪০ হাজার আউন্স। এর পরিমাণ প্রায় ১৯ দশমিক ৯ টন।

২০২৩-এর অক্টোবরের পর এক মাসে এটিই চীনের স্বর্ণ রিজার্ভে সবচেয়ে বড় সংযোজন। এর আগে জুনে দেশটি প্রায় ১৫ টন স্বর্ণ কেনে। সব মিলিয়ে চীনের সরকারি স্বর্ণের মজুদ এখন প্রায় ২ হাজার ৩৬৬ টন।

ভূরাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে চীনসহ বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংকে মূল্যবান ধাতুটির বিনিয়োগ বাড়ছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনতেও স্বর্ণ কেনার দিকে ঝুঁকছে দেশগুলো। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের চাহিদা বাড়ছে।

এদিকে চলতি বছরের শুরুর দিকে রেকর্ড উচ্চতায় ওঠার পর ধাতুটির দাম কিছুটা কমলেও সম্প্রতি তা আবার শক্ত অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের ওপরে ছিল।

প্রতিবেদনে বলা হয়, চীনের রিজার্ভের তথ্য প্রকাশের পর গত শুক্রবার স্পট গোল্ডের দাম একপর্যায়ে ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৩১৬ ডলারের ওপরে ওঠে। গত জুনের মাঝামাঝির পর এটিই ছিল সর্বোচ্চ দাম। তবে গতকাল প্রতিবেদন লেখা পর্যন্ত ধাতুটির দর কিছুটা কমেছে।

স্বর্ণের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আরো কিছু পদক্ষেপ নিচ্ছে চীন। আন্তর্জাতিক স্বর্ণ বাণিজ্য ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে হংকংয়ের ভূমিকা জোরদারের চেষ্টা করছে দেশটি। পাশাপাশি অভ্যন্তরীণ স্বর্ণের বাজারও ধীরে ধীরে সম্প্রসারণ করছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: