মিসির আলীকে নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সাহিত্য আড্ডা
বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী সৃষ্টি হুমায়ূন আহমেদের ‘মিসির আলী সিরিজ’ নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা।
সম্প্রতি আয়োজিত এ বিশেষ সেশনে মিসির আলী চরিত্রের মনস্তাত্ত্বিক দিক, সাহিত্যিক মাহাত্ম্য এবং সিরিজটির পাঠকপ্রিয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সদস্যরা।
আলোচনায় উঠে আসে গতানুগতিক গোয়েন্দা চরিত্রের বাইরে মিসির আলীর স্বাতন্ত্র্য। মনোবিজ্ঞানের অধ্যাপক মিসির আলী অলৌকিক বলে মনে হওয়া বিভিন্ন রহস্যকে যুক্তির কষ্টিপাথরে বিশ্লেষণ করে সমাধানের চেষ্টা করেন। যুক্তি ও রহস্যের এ মেলবন্ধন কীভাবে পাঠককে গল্পের শেষ পাতা পর্যন্ত ধরে রাখে, তা নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানান রিডিং ক্যাফের সদস্যরা।
সাহিত্য আড্ডায় মিসির আলী সিরিজের মনস্তাত্ত্বিক রহস্য, সাসপেন্স ও মানবিক দিকের সমন্বয় নিয়েও আলোচনা হয়। সদস্যরা সিরিজের অবিস্মরণীয় চরিত্র, অপ্রত্যাশিত টুইস্ট এবং ভাবজাগানিয়া বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


