প্রিমিয়ার ব্যাংকের সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং অনুষ্ঠিত
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন এবং নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এ সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৬৭ জন সাব-ব্রাঞ্চ ইনচার্জ অংশগ্রহণ করেন। প্রিমিয়ার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সাব-ব্রাঞ্চগুলোর কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়ামত উদ্দিন আহমেদ, এসএম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায় ও মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মুর্শেদ; এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং, কার্ড অ্যান্ড এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ এহসান উল আলম এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান আসিফ খান সাব-ব্রাঞ্চগুলোর ব্যবসায়িক পারফরম্যান্স বিষয়ে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।


