শিরোনাম

South east bank ad

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য পর্ষদ ঘোষিত মোট ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন। যার মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ। এ সময় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত হয় এবং তা সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডাররাও অনলাইনে যুক্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী। অন্যান্য পরিচালকের মধ্যে ছিলেন সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মো. নূরুন নেওয়াজ জানান, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিসি ব্যাংক ২০২৫ সালে অসাধারণ স্থিতিশীলতা ও কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। শেয়ারহোল্ডারদের ইকুইটি ও মোট সম্পদ ধারাবাহিকভাবে বাড়ায় ব্যাংকের আর্থিক সক্ষমতা আরো সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে সম্পদের গুণগত মান বজায় রাখা, কম খরচের তহবিল বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন, ফি ও কমিশন-ভিত্তিক আয় বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে জানান, ৩৩ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আজ দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে স্টেকহোল্ডারদের কাছে সমাদৃত। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এনসিসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, টেকসই অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও শরিয়াহ-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম জোরদারে গুরুত্ব দিচ্ছে। স্ট্র্যাটেজি, উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে স্টেকহোল্ডারদের আস্থা আরো সুদৃঢ় করতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: