শিরোনাম

South east bank ad

ব্রাজিলে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্রাজিলে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস

চলতি ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলে রেকর্ড ৩৫ কোটি ৮০ লাখ টন শস্য উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে।

মূলত সয়াবিনের বাম্পার ফলনের কারণে এ পূর্বাভাস দেয়া হয়েছে। ব্রাজিলের সরকারি সংস্থা ন্যাশনাল সাপ্লাই কোম্পানির (কোনাব) সর্বশেষ শস্য জরিপে এ তথ্য জানানো হয়েছে। এ উৎপাদন গত অর্থবছরের তুলনায় ৫৭ লাখ টন বা ১ দশমিক ৬ শতাংশ বেশি। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

সম্প্রতি প্রকাশিত কোনাবের অষ্টম শস্য জরিপে বলা হয়েছে, এ লক্ষ্যমাত্রা পূরণ হলে তা হবে লাতিন আমেরিকার দেশটিতে এ-যাবৎকালের সর্বোচ্চ শস্য উৎপাদন। বিশ্লেষকরা বলছেন, সয়াবিন, ভুট্টা ও জোয়ারের মতো প্রধান কৃষিপণ্যের বাম্পার ফলনের কারণে উৎপাদন এত বিপুল পরিমাণে বাড়বে।

জরিপ অনুযায়ী, ব্রাজিলে এরই মধ্যে ৯৮ দশমিক ৩ শতাংশ এলাকার সয়াবিন কাটা শেষ হয়েছে। কোনাব আশা করছে, এবার মোট সয়াবিন উৎপাদন ১৮ কোটি ১ লাখ টনে পৌঁছাবে। এ হিসাব গত এপ্রিলের পূর্বাভাসের চেয়ে দশমিক ৫ শতাংশ এবং ২০২৪-২৫ মৌসুমের চেয়ে ৮৬ লাখ টন বেশি। এর মাধ্যমে ১০ মৌসুমের মধ্যে সপ্তমবারের মতো সয়াবিন উৎপাদন বাড়ল।

সয়াবিনের এ বাম্পার ফলনের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের রফতানিও অনেক বাড়বে। আগামী দিনগুলোতে বিশ্ববাজারে সয়াবিন রফতানি ৭ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১১ কোটি ৬০ লাখ টনে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দেশটিতে প্রথম পর্যায়ের ভুট্টা কাটা ৭১ শতাংশ শেষ হয়েছে। এ দফায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ৮৫ লাখ টন, যা গত বিপণন বছরের চেয়ে ৩৫ লাখ টন বেশি। তবে দ্বিতীয় পর্যায়ের ভুট্টা উৎপাদন গত বছরের তুলনায় কমে ১০ কোটি ৮৫ লাখ টন হতে পারে। দেশটির অভ্যন্তরীণ ইথানল শিল্পের চাহিদা বাড়ায় ভুট্টার ব্যবহার ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯ কোটি ৪৮ লাখ টনে পৌঁছাবে। তবে রফতানি ৪ কোটি ৬৫ লাখ টনে অপরিবর্তিত থাকতে পারে।

পানি ঘাটতি সহনশীল শস্য জোয়ার উৎপাদনও প্রায় ২৪ শতাংশ বেড়ে ৭৬ লাখ টনে পৌঁছতে পারে। ভুট্টার রোপণ সময় পেরিয়ে যাওয়ার পর দেশটির কৃষকরা বিকল্প হিসেবে জোয়ার চাষে ঝুঁকেছেন।

তবে ব্রাজিলের মানুষের প্রধান খাদ্যশস্য চাল ও গমের উৎপাদন এবার কিছুটা কমতে পারে। চাষের জমি কমে যাওয়ায় চালের উৎপাদন দশমিক ৩ শতাংশ কমে ১ কোটি ১১ লাখ টন এবং গম উৎপাদন ১৫ লাখ টন কমে ৬৪ লাখ টনে নেমে আসতে পারে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: