শিরোনাম

South east bank ad

শিশুদের মাউথওয়াশের নিরাপত্তা নিয়ে মামলার মুখে কোলগেট

 প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শিশুদের মাউথওয়াশের নিরাপত্তা নিয়ে মামলার মুখে কোলগেট

কোলগেট-পামোলিভ কোম্পানির বিরুদ্ধে করা দুটি মামলা চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

অভিযোগ, শিশুদের জন্য তৈরি মাউথওয়াশের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে কোম্পানিটি। কোলগেটের মাউথওয়াশের প্যাকেজিং এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে অভিভাবকদের কাছে পণ্যটি ছয় বছরের কম বয়সী শিশুদের জন্যও নিরাপদ বলে মনে হয়। এতে ভোক্তারা বিভ্রান্ত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

শিকাগোর ডিস্ট্রিক্ট জজ আন্দ্রে উড স্থানীয় সময় গত শুক্রবার এ আদেশ দেন। ক্লাস অ্যাকশন মামলাটিতে গ্রাহকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে মার্কিন স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ ছয় বছরের কম বয়সী শিশুদের জন্য ফ্লুরাইডযুক্ত মাউথওয়াশ ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এছাড়া দুই-ছয় বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মটরদানার (সামান্য পরিমাণ) সমান টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেয়া হয়। কারণ ফ্লুরাইড গিলে ফেললে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

মামলায় বলা হয়, কোলগেটের মাউথওয়াশের প্যাকেজিংয়ে উজ্জ্বল রঙ এবং বাবল ফ্রুট বা সিলি স্ট্রবেরির মতো ফ্লেভার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মোড়কের সামনের দিকে বড় করে ‘কিডস’ বা ‘চিলড্রেন’ (শিশু) শব্দগুলো লেখা থাকে। ফলে এটি ছোট শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং প্রাপ্তবয়স্কদের মতোই বেশি পরিমাণে ব্যবহার করা যাবে বলে সাধারণ ভোক্তাদের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে।

বিচারক আন্দ্রে উড বলেন, লেবেলে বড় করে ‘চিলড্রেন’ লেখা দেখে সাধারণ গ্রাহকদের পক্ষে এর সীমাবদ্ধতা বোঝা কঠিন।

তবে টুথপেস্টের ক্ষেত্রে বিচারক ভিন্ন মত পোষণ করেছেন। তিনি জানান, টুথপেস্টের লেবেলে স্পষ্টভাবে দুই-ছয় বছর বয়সীদের জন্য মটরদানার সমান পরিমাণ ব্যবহারের নির্দেশনা দেয়া থাকে। বিজ্ঞাপনে ব্রাশের ওপর পুরো টুথপেস্টের যে ছবি দেখা যায় তা কেবল দাঁত মাজার প্রক্রিয়াটিকে উপস্থাপন করার জন্য, ব্যবহারের পরিমাণ বোঝাতে নয়।

পণ্য বাজারজাতের নীতি নিয়ে কেবল কোলগেট নয়, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি), পেরিকো ও সানোফির মতো বড় প্রতিষ্ঠানগুলোও মামলার মুখে পড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের তদন্তের পর টুথপেস্টের মোড়কে পরিবর্তন আনতে রাজি হয় কোলগেট। গত জানুয়ারিতে প্রক্টর অ্যান্ড গ্যাম্বলও একই ধরনের সিদ্ধান্ত নেয়।

বাদীপক্ষে আইনজীবী মাইকেল কনেট বলেন, ‘‌এসব রায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সতর্কবার্তা হওয়া উচিত, যেন শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে এমন পণ্যের ভুল প্রচারণা বন্ধ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: