শিরোনাম

South east bank ad

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় ও মুনাফা কমার শঙ্কা

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় ও মুনাফা কমার শঙ্কা

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের টেলিযোগাযোগ খাতেও পড়তে শুরু করেছে।

এ প্রেক্ষাপটে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয় ও অবলোপন মুনাফা কিছুটা কমতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানিটি।

তথ্যানুসারে, জ্বালানি ও এলএনজি আমদানির ওপর বাংলাদেশের উচ্চনির্ভরশীলতার কারণে বৈশ্বিক পরিস্থিতির ধাক্কা সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। এতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা গেছে, আমদানি ব্যয় বেড়েছে এবং সরবরাহ চেইনে চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় কোম্পানিটি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় প্রায় ২ শতাংশ এবং সুদ, কর, অবচয় ও ঋণ পরিশোধ পরবর্তী মুনাফা (ইবিআইটিডিএ) প্রায় ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে।

গ্রামীণফোন আরো জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো অনিশ্চিত ও দ্রুত পরিবর্তনশীল। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং নেটওয়ার্কের মান বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বিস্তারিত তথ্য জানানো হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১১০ শতাংশ অন্তর্বর্তী নগদ ও ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৪৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১৭০ শতাংশ চূড়ান্ত ও ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ২৪ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সায়।

গ্রামীণফোনের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: