ডেইলি স্টারের ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডসের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক
দেশের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেল অ্যাওয়ার্ডসের টাইটেল স্পন্সর হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
সম্পতি ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ সময় দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন আহমেদ; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মিজানুর রহমান এবং প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস সৈয়দ রায়হান তারিক। প্রাইম ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নির্মাতা’—এ বিশ্বাসেরই প্রতিফলন ব্যাংকের এ অংশীদারত্ব। একাডেমিক স্বীকৃতি প্রদানের এ প্লাটফর্মকে সমর্থন করার মাধ্যমে প্রাইম ব্যাংক মেধা বিকাশে বিনিয়োগ, তরুণদের স্বপ্নকে লালন এবং তা বাস্তবায়নে অনুপ্রাণিত করার ধারাবাহিকতা বজায় রেখেছে।
আসন্ন আয়োজনটি হবে এ উদ্যোগের ২৫তম আসর; যা দেশের মেধা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে স্বীকৃতি দেয়ার এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে ডিএমডি এম নাজিম এ চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি একটি দেশের প্রকৃত শক্তি তার তরুণদের স্বপ্ন, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের মধ্যেই থাকে। এ অংশীদারত্বের মাধ্যমে আমরা তরুণদের আরো অনুপ্রাণিত করতে, নতুন চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহ দিতে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে চাই।’


