প্রাইম ব্যাংকের উদ্যোগে বুয়েটে আর্থিক অন্তর্ভুক্তি-বিষয়ক সেমিনার
প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় আয়োজিত এ সেমিনারে সহযোগিতায় ছিল বুয়েট ক্যারিয়ার ক্লাব। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী। তিনি বলেন, ‘এআই, ডেটানির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যাংক খাতকে দ্রুত রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে।’
ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং ও মূল্যবোধভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এমএম মাহবুব হাসান সেমিনারে আর্থিক সাক্ষরতা ও সঠিক অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সময়োপযোগী ও কাঠামোবদ্ধ ব্যাংকিং জ্ঞান তরুণদের দায়িত্বশীল আর্থিক নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
অনুষ্ঠানে একাডেমিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারওয়ার। তিনি শিক্ষা ও বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জের মধ্যকার ব্যবধান কমাতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


