বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ওয়াহেদুজ্জামান সরদার
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৫ সাল পর্যন্ত গবেষণা বিভাগে কর্মরত থাকাকালীন অভ্যন্তরীণ অর্থনীতি উপবিভাগ ও ইসলামী অর্থনীতি উপবিভাগে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং বিষয়ে কাজ করেন।
২০০৫ সালে তিনি মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি হন। দীর্ঘ ১৮ বছর তিনি ওপেন মার্কেট অপারেশন ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে কাজ করেছেন।
এছাড়া অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন বিষয় তথা জিডিপি, মুদ্রানীতি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ, মোবাইল ব্যাংকিং বিষয়ে তার ১৫টি প্রবন্ধ দেশী ও বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।


