দোকান-বিপণি বিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে চায় মালিক সমিতি
জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত দিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সকাল ৯টার বদলে ১১টা থেকে খুলে রাত ৮টা পর্যন্ত দোকানপাট চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। সমিতির পক্ষ থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০ লাখ দোকান মালিক ও ব্যবসায়ীর সঙ্গে আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মলের সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে সমিতি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও জরুরি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে।
সরকার বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা ও বিদ্যুৎ ব্যবহারে চাপ সামাল দিতেই এ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দোকান ব্যবসায়ী মালিক সমিতি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে সারা দেশের সব দোকান ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।


