শিরোনাম

South east bank ad

এলপিজি আমদানিতে একক ঋণগ্রহীতার সীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে একক ঋণগ্রহীতার সীমা শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে একক ঋণগ্রহীতার সীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে বুধবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একক গ্রাহকের ঋণসীমার ২৫ শতাংশ শর্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এর ফলে বড় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে একটি ব্যাংক থেকেই আগের চেয়ে বেশি পরিমাণ ঋণ নিয়ে এলপিজি আমদানি করতে পারবে।

বাংলাদেশে ব্যাংক বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনে এলপিজি আমদানির ক্ষেত্রে যে ২৫ শতাংশ ঊর্ধ্বসীমা রয়েছে, তা আপাতত বহাল থাকবে না। এর বদলে কোন প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ ঋণসীমা কত হবে, তা কেন্দ্রীয় ব্যাংক আলাদাভাবে নির্ধারণ করবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন, এলপিজি আমদানিতে কোনো জটিলতা যাতে না হয়, সেজন্যই এ সীমা শিথিল করা হয়েছে। আমদানিকারকরা আবেদন করলে ও ব্যাংকের আপত্তি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত অনুমোদন দেবে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, এ সুবিধা শুধু এলপিজি আমদানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য কোনো পণ্য আমদানির ক্ষেত্রে একক ঋণগ্রহীতা সীমা অতিক্রমের সুযোগ থাকছে না।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একটি গ্রুপ বা প্রতিষ্ঠান একটি ব্যাংকের মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ (ফান্ডেড ও নন-ফান্ডেড মিলে) ঋণ পেতে পারে। উদাহরণস্বরূপ, কোনো ব্যাংকের মূলধন ১ হাজার কোটি টাকা হলে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান সেখান থেকে ২৫০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারে না।

নতুন সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানিকারকদের ক্ষেত্রে এ ২৫ শতাংশের সীমা অতিক্রম করার সুযোগ তৈরি হলো। তবে এ সীমা কত শতাংশ পর্যন্ত বাড়ানো হবে, তা সংশ্লিষ্ট ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় ব্যবসায়ীরা এলপিজি আমদানিতে একক ঋণগ্রহীতার সীমা শিথিল করার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন। পরে নতুন সরকার গঠিত হলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছেও একই দাবি তুলে ধরা হয়।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: