পূর্বধলায় কঠোর লকডাউনে মাঠে প্রশাসন
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন বাস্তবায়নে সারা দেশের ন্যায় পূর্বধলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। এজন্য বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলাজুড়ে টহল দিচ্ছে পুলিশ, আনসার ও প্রশসনের লোকজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
এবার কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। রাস্তায় মানুষের চলাচল কিছুটা সীমিত রয়েছে।ব্যাটরি চালীত অটো চলাচল করতে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্বধলা বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় সাথে ছিল পুলিশ টহল সদস্য। অভিযান চলাকালে বিভিন্ন স্থানে মানুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে প্রশাসন ও পুলিশকে। সেই সাথে রাস্তায় যানবাহন আটক করে কাগজপত্র যাচাই-বাছাই করার পাশাপাশি চালক ও যাত্রীদের গন্তব্যের বিষয়ে জানতে চাচ্ছে পুলিশ ও প্রশাসন। সদুত্তর পেলে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে অন্যথায় জরিমানা করতে দেখা গেছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে প্রশাসনিক তৎপরতা বলবৎ রয়েছে। এক ট্রাক চালক বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু জরিমানা করেন এবং মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, বিনা কারণে কেউ ঘর থেকে বাইরে বের হলে এবং বিধিনিষেধ ভঙ্গ অমান্য করলে তাকে কঠোর আইনি ঝামেলায় পড়তে হবে। এবার রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করা যাবেনা। তা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, সরকার জরুরি সেবা বলতে যা বুঝিয়েছে এর বাইরে কোনো যানবাহন চলতে দেয়া হবেনা। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ জরুরি সেবার প্রয়োজন হলে সেগুলো নিতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, সচেতনতা ও সতর্কতা ছাড়া কোন বিকল্প নেই। সরকারের প্রজ্ঞাপনে যেসব নির্দেশনা রয়েছে সেগুলো সবাইকে মেনে চলতে অনুরোধ জানান। লকডাউনের প্রথম দিনেই সবার উদ্দ্যেশে বলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা মেনে চললে আমরা মনে করছি দ্রুত সময়েল মধ্যে করোনা সংক্রমন পরিস্থিতি বর্তমান অবস্থা থেকে উন্নতি ঘটবে।


