সাড়ে ৬লাখ টাকা দেনমোহরে সেই বিয়ে, অনশনের সমাপ্তি
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
সাড়ে ৬লাখ টাকা দেনমোহরে অবশেষে সেই বিয়ে, অনশনের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আ: কাদের। দিনভর নানা নাটকিয়তার পর উভয় পরিবারের সমঝোতায় জল্পনা-কল্পনার অবসান হয়। দাম্পত্য জীবনে সুখ ও শান্তির প্রত্যাশায় সকলের কাছে দোয়া কামনা করেছেন নতুন দম্পত্তি।
বিয়ের দাবীতে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের এক কলেজ ছাত্রী সোমবার (৭জুন) বিকাল হতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাও গ্রামে প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করে। সোমবার রাত থেকেই গা ঢাকা দেয় প্রেমিক বুলবুল ইসলাম। কিন্তু প্রেমিকা কলেজ ছাত্রী কোনভাবেই বাড়ী ছাড়েনি। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় করে বাড়ীতে। শেষ পর্যন্ত বুধবার বিকাল থেকে সমঝোতার আলোচনা শুরু হয়। রাত ৯টার দিকে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় এনায়েতপুর ইউনিয়ন কাজী সাইফুল ইসলামের অফিসে সাড়ে ৬লাখ টাকা দেন মোহরে নিকাহ রেজিস্ট্রি হয়। শামছুল হকের পুত্র বুলবুল ইসলাম কলেজ পড়ুয়া ম্যাটস এর শিক্ষার্থী।


