বিশ্বব্যাপী প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বেড়েছে ৬%
টানা দুই বছর নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ফের বেড়েছে বিশ্বব্যাপী প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)।
২০২৫ সালে বিশ্বজুড়ে এফডিআইয়ের পরিমাণ ৬ শতাংশ বেড়ে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়ার হার সমান নয়। গত মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর আনাদোলু।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৬ প্রকাশ করেছে সম্প্রতি। প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে বিনিয়োগের গতি ফিরে এসেছে। তবে ইতিবাচক পরিবর্তন কেবল নির্দিষ্ট কিছু দেশ ও খাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
উন্নত দেশগুলোয় গত বছর বৈদেশিক বিনিয়োগ ১১ শতাংশ বেড়ে ৭২ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর বিপরীতে উন্নয়নশীল দেশগুলোয় বিনিয়োগ বেড়েছে ২ শতাংশ, যার পরিমাণ ৯০ হাজার ১০০ কোটি ডলার। এসব দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক বিনিয়োগ অত্যন্ত জরুরি হলেও এ অসমান প্রবৃদ্ধি ভবিষ্যৎ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিনিয়োগের সিংহভাগই চলে গেছে হাতেগোনা কয়েকটি দেশের পকেটে। গত বছর বিশ্বব্যাপী মোট বৈদেশিক বিনিয়োগের ৮০ শতাংশই এসেছে ২০টি দেশে, যার মধ্যে কিছু উন্নয়নশীল দেশও রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিদ্যুতের চাহিদা ও নতুন বাণিজ্যনীতির কারণে বিশ্বব্যাপী বিনিয়োগের ধরন বদলে যাচ্ছে। গত বছর নতুন বা গ্রিনফিল্ড বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় খাত হিসেবে আবির্ভূত হয়েছে ‘ডেটা সেন্টার’। এ সময় মোট বৈশ্বিক গ্রিনফিল্ড বিনিয়োগের ৪৪ শতাংশ গেছে এআই অবকাঠামো, সেমিকন্ডাক্টর, জরুরি খনিজ সম্পদ ও জ্বালানি রূপান্তর প্রযুক্তি খাতে।


