যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩ মে শুরু হওয়া চার দিনব্যাপী ‘সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ ২৫ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ৩-৬ মে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।’ দলটিতে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসাসেবা খাতের প্রতিনিধিরা রয়েছেন। ২০২৬ সালের এ সম্মেলন আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স হাওয়ার্ড লাটনিক।
পূর্ণিমা রাই আরো বলেন, ‘প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য এটি একটি শীর্ষস্থানীয় আয়োজন, যেখানে ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এগিয়ে নিতে বিদেশী কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ ঘটানো হয়। এ বছরের সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র তার ২৫০তম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। এতে তুলে ধরা হবে, বৈদেশিক বিনিয়োগ কীভাবে মার্কিন উদ্ভাবন ও প্রবৃদ্ধির পরবর্তী অধ্যায় গঠনে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে।’


