লে-অফ ঘোষণা করা হামিদ ফ্যাব্রিকসের দর বেড়েছে ১৯%
গ্যাস সংকটের কারণে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানা লে-অফ ঘোষণা করে বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসি।
এর মাঝেও কোম্পানিটির শেয়ারদর গত সপ্তাহে ১৯ দশমিক ১০ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯ টাকা ৪০ পয়সা। এতে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।
তথ্যানুসারে, গ্যাস লাইনে প্রয়োজনীয় প্রেশার না থাকায় প্রায় দুই বছর ধরে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গ্যাস সংকট আরো প্রকট হওয়ায় কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।
কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে হামিদ ফ্যাব্রিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮১ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি হামিদ ফ্যাব্রিকসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬৬ পয়সায়।
হামিদ ফ্যাব্রিকসের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ৩’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।


