ওয়ান ব্যাংকের উদ্যোগে উত্তরায় বাংলা কিউআর-বিষয়ক সচেতনতা কর্মসূচি
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে ওয়ান ব্যাংক পিএলসি রাজধানীর উত্তরার জমজম টাওয়ারের দোকান মালিক সমিতির সঙ্গে যৌথভাবে ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। এতে আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার অর্থনৈতিক সুফল এবং ব্যবসায়িক লেনদেনে বাংলা কিউআরের ব্যবহার তুলে ধরা হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরেন। ডিজিটাল লেনদেনের ব্যবহারিক দিক তুলে ধরতে তিনি অংশগ্রহণকারী বিভিন্ন রিটেইল আউটলেটে সরাসরি বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করেন।
অনুষ্ঠানে মুহিত রহমান বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বাংলা কিউআর শুধু লেনদেনের সুবিধাই নিশ্চিত করে না, বরং নিয়মিত ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসায়ের প্রকৃত নগদ প্রবাহের একটি বিশ্বাসযোগ্য আর্থিক রেকর্ড তৈরি হয়। এটি পর্যায়ক্রমে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং তাদের সহজ শর্তে চলতি মূলধন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রাপ্তিতে সহায়তা করবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওয়ান ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘ওয়ানঅ্যাপ’ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো মার্চেন্ট আউটলেটে কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনের মাধ্যমে পণ্য বা সেবার বিল পরিশোধ করতে পারবেন।


