অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে দেড় কোটি টাকা অনুদান এনসিসি ব্যাংকের
জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহতদের চিকিৎসা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে অপরাজিত ২৪ ফাউন্ডেশনকে ১ কোটি ৫০ লাখ টাকা এককালীন সহায়তা দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম অপরাজিত ২৪ ফাউন্ডেশনের সহসভাপতি সাইফুল ইসলামের হাতে সহায়তার চেক তুলে দেন।
এ সহায়তার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর ক্ষতিগ্রস্ত ৫০ জনকে পুনর্বাসন কার্যক্রমের আওতায় আনা হবে। প্রত্যেক উপকারভোগীর জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেয়া হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সরঞ্জাম, কর্মসংস্থান প্রাপ্তিতে সমন্বয় সাধন ও আয়বর্ধক কার্যক্রমের উপকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি তদারকি এবং সরাসরি আর্থিক সহায়তার সমন্বয়ে এ অর্থ ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী। অন্যদিকে অপরাজিত ২৪ ফাউন্ডেশনের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক ড. মুস্তাজিব হায়দার, শাহরিয়ার আক্তার হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুল্লাহ আস সাকিব ও প্রোগ্রাম অফিসার তাছমিয়া হক মৌসুমী।


