ব্র্যাক ব্যাংকের সাড়ে ২৭ হাজার কর্মী ও পরিবারের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ
ব্র্যাক ব্যাংক পিএলসির কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন এবং চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে টানা তৃতীয়বারের মতো চুক্তি নবায়ন হলো। এর আওতায় ব্র্যাক ব্যাংকের সাড়ে ২৭ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্য বীমা সুরক্ষার আওতায় থাকবেন।
মেটলাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বীমা প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানের ওপর আস্থার ধারাবাহিকতায় চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ অংশীদারত্বের আওতায় কর্মীরা চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকির বিপরীতে আর্থিক সুরক্ষা পাবেন।
মেটলাইফের তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে নিষ্পত্তি করা হয়েছে ১ হাজার ৩৮৪ কোটি টাকার দাবি।


