শিরোনাম

South east bank ad

রেমিট্যান্স সংগ্রহে তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রেমিট্যান্স সংগ্রহে তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক

সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) সংগ্রহ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এর মাধ্যমে দেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংক হিসেবে জায়গা করে নিয়েছে ব্যাংকটি। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্যে এ বিষয়টি উঠে এসেছে বলে গতকাল ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ অর্জন প্রবাসী বাংলাদেশীদের কাছে ব্র্যাক ব্যাংকের নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবার প্রতি ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতে ব্যাংকটির অবদানও এ অর্জনের মাধ্যমে আরো সুস্পষ্ট হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল উদ্ভাবনে কৌশলগত বিনিয়োগ, রেমিট্যান্স করিডোর সম্প্রসারণ, বিশ্বের শীর্ষ এক্সচেঞ্জ হাউজগুলোর সঙ্গে অংশীদারত্ব এবং নন-রেসিডেন্ট বাংলাদেশীদের (এনআরবি) জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবার মতো উদ্যোগগুলো। এছাড়া উন্নত হোস্ট টু হোস্ট প্রযুক্তির সঙ্গে সংযোগের ফলে প্রধান রেমিট্যান্স-উৎস দেশগুলো থেকে অর্থ প্রেরণে গতি, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে।

ব্র্যাক ব্যাংক বলছে, প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ব্যাংকিং প্রয়োজনের কথা বিবেচনায় রেখে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে এনআরবিরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক হিসাব খুলতে পারছেন এবং ব্যাংকটির ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছেন। একই সঙ্গে রেমিট্যান্স বেনিফিশিয়ারিরা ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী ৩১৫টি শাখা-উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স গ্রহণ করতে পারছেন। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল এ রেমিট্যান্স সেবার আওতায় চলে এসেছে।

এছাড়া প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারের বহুমাত্রিক আর্থিক প্রয়োজন পূরণে ব্র্যাক ব্যাংক ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবাসহ বিভিন্ন পণ্য ও সেবা দিচ্ছে। এসবের মাধ্যমে গ্রাহকরা এখন আরো সহজে সঞ্চয়, বিনিয়োগ ও নিজেদের আর্থিক ব্যবস্থাপনা করতে পারছেন।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল বলেন, ‘লাখো প্রবাসী আমাদের ওপর তাদের আস্থা রেখেছেন—এ মাইলফলক তারই প্রমাণ। বর্তমানে রেমিট্যান্স গ্রাহকরা শুধু মানি ট্রান্সফার সেবাই নয়; বরং অর্থ প্রেরণে গতি, নিরাপত্তা, স্বচ্ছতা ও সুবিধাও প্রত্যাশা করেন।’ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়াকে আরো সহজ করতে ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে বলেও জানান তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: