এসবিএসি ব্যাংকের ১৩তম এজিএম অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে গতকাল হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। সভায় ব্যাংকের ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচনসহ সাতটি সাধারণ এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এসবিএসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আইয়ুব, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, পরিচালক একেএম দেলোয়ার হোসেন ও মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মঈনুল কবীর সশরীরে উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে ছিলেন এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও আবদুল কাইয়ুম চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব (চলতি দায়িত্বে) তৌহিদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৪ সাল শেষে এসবিএসি ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। ঋণ ও অগ্রিমের পরিমাণ সাড়ে ৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৬ শতাংশ বেশি। এছাড়া ব্যাংকের মোট সম্পদ ১৩ হাজার ৩০২ কোটি টাকা।


