শিরোনাম

South east bank ad

৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বার্জার পেইন্টস

তালিকাভুক্ত বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পর্ষদ অঙ্গপ্রতিষ্ঠান জনসন অ্যান্ড নিকোলসন প্যাকেজিং লিমিটেডে (জেএনপিএল) বাড়তি ৫ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

পাশাপাশি কোম্পানিটির পর্ষদ সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। গতকাল পর্ষদ সভা শেষে কোম্পানিটি এ-সংক্রান্ত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে।

তথ্যানুসারে, জেএনপিএলে বার্জার পেইন্টসের পূর্ণ মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান জনসন অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেডও ৪ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করবে। জেএনপিএলে বার্জার পেইন্টসের ৫১ শতাংশ ও জনসন অ্যান্ড নিকোলসন (বাংলাদেশ) লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বার্জার পেইন্টসের ৩৭২ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৩৭ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৬ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭১ টাকা ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০০ টাকা ২৪ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৯ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বার্জার পেইন্টসের ইপিএস হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।

বার্জার পেইন্টসের সর্বশেষ ঋণমাণ দীর্ঘমেয়াদে ‘এএএ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ মার্চ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি, পরিশোধিত মূলধন ৪৯ কোটি ১০ লাখ ৬০ হাজার ও রিজার্ভে রয়েছে ১ হাজার ৫০৪ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯১ লাখ ৫ হাজার ৯৯১। এর ৮৯ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৮, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বার্জার পেইন্টসের শেয়ার গতকাল সর্বশেষ ১ হাজার ৪৩২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৮১০ টাকার মধ্যে ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: