শিরোনাম

South east bank ad

এনআরবি ব্যাংক চালু করল দেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড

 প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবি ব্যাংক চালু করল দেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড

এনআরবি ব্যাংক পিএলসি ও ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে।

এর মাধ্যমে দেশজুড়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার লক্ষ্যে একটি আধুনিক পে-রোল সমাধান উপস্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ নতুন ভিসা প্রিপেইড পে-রোল কার্ডটি উন্মোচন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিসার প্রতিনিধি ও ডিজিটাল ইন্স্যুরেন্স প্লাটফর্ম বিমাফাইয়ের প্রধান পরিচালক কর্মকর্তা (সিওও) অর্ণব পল উপস্থিত ছিলেন।

এনআরবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ভিসা প্রিপেইড পে-রোল কার্ডটি বেতন বিতরণের জন্য একটি নিরাপদ, কার্যকর ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে। এ সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মীদের বেতন সরাসরি প্রিপেইড কার্ডে স্থানান্তর করতে পারবেন, যা কার্ডধারীদের এটিএম থেকে টাকা তোলা, পয়েন্ট-অব-সেল কেনাকাটা, অনলাইন লেনদেন এবং বিল পরিশোধের মাধ্যমে সুবিধাজনকভাবে তাদের তহবিল ব্যবহারের সুযোগ দেবে।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান বলেন, ‘বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ডের সূচনা উদ্ভাবন ও ব্যাংকিং অন্তর্ভুক্তির বিষয়ে আমাদের অঙ্গীকারের আরেকটি মাইলফলক। সমাধানটি নিয়োগকর্তাদের জন্য বেতন ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি কর্মীদের জন্য আরো বেশি সুবিধা, নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন পে-রোল কার্ডটি প্রচলিত নগদ বেতন বিতরণের সঙ্গে জড়িত পরিচালনগত জটিলতা হ্রাস করার মাধ্যমে পোশাক, উৎপাদন, খুচরা এবং সেবা খাতসহ বৃহৎ কর্মী বাহিনী সম্পন্ন শিল্পগুলোকে বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে এনআরবি ব্যাংক দেশের ডিজিটাল রূপান্তরে সহায়তা এবং ব্যবসা ও ব্যক্তি উভয়ের জন্য আধুনিক পেমেন্ট সমাধান প্রচারে তার ভূমিকা আরো শক্তিশালী করছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: