ইডকলের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) উদ্যোগে ‘এএমএল/সিএফটি রেগুলেশনস অ্যান্ড কমপ্লায়েন্স প্রসিডিউর’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনের মূল উদ্দেশ্য মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন (এমএল অ্যান্ড টিএফ) ঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য নিয়ন্ত্রণ কাঠামো সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়ানো।
ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এমএল অ্যান্ড টিএফ প্রিভেনশন ডিপার্টমেন্টের পরিচালক আবু তাহের মোহাম্মদ কামরুল কবির ভূঁইয়া; ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরশেদ এবং ডেপুটি সিইও ও ক্যামেলকো এসএম মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে যথাযথ নির্দেশনা প্রতিপালন ব্যবস্থা, কেওয়াইসি, কাস্টমার ডিউ ডিলিজেন্স ও এ-সংক্রান্ত নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসির দক্ষ প্রশিক্ষক এবং ইডকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


