এয়ার এশিয়া ও প্যাক এশিয়া বাংলাদেশের মধ্যে এমওইউ স্বাক্ষর
মালয়েশিয়াভিত্তিক বিমান সংস্থা এয়ার এশিয়া এবং আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠান প্যাক এশিয়া বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টোটাল এয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোরশেদুল আলম চাকলাদার এবং প্যাক এশিয়া বাংলাদেশের বনানী ব্রাঞ্চ প্রধান বীরেন্দ্র কিশোর শিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
বিমান সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের মাধ্যমে বিদেশগামী শিক্ষার্থীরা এয়ার এশিয়ার ফ্লাইটে বিশেষ লাগেজ ও লাউঞ্জ সুবিধা এবং অন্যান্য ভ্রমণ সহায়তা সেবা উপভোগ করবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণকে আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলবে।


