শিরোনাম

South east bank ad

স্কয়ার ফার্মার আয় বেড়েছে ৭২৩ কোটি টাকা

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্কয়ার ফার্মার আয় বেড়েছে ৭২৩ কোটি টাকা

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

আগের বছরের একই সময়ের তুলনায় চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৭২৩ কোটি টাকা। এ সময়ে নিট মুনাফা বেড়েছে ২৩৯ কোটি টাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ৬ হাজার ৫০৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১২ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৮৭৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৬৩৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১ টাকা ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৯ টাকা ৭৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর ৪৪ দশমিক ১৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৬১, বিদেশী বিনিয়োগকারী ১৫ দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বশেষ ২১৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৯৮ থেকে ২৩৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: