শিরোনাম

South east bank ad

মাশরুম চাষকে জ্ঞানভিত্তিক ব্যবসায় রূপ দিতে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মাশরুম চাষকে জ্ঞানভিত্তিক ব্যবসায় রূপ দিতে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে মাশরুম চাষ এখন আর কেবল সাধারণ কৃষি নয়, বরং এটি একটি জ্ঞানভিত্তিক ব্যবসায়িক উদ্যোগ হিসেবে নতুন সম্ভাবনা তৈরি করছে।

দেশের বিভিন্ন প্রান্তে এর জনপ্রিয়তা বাড়লেও ক্ষতিকর ছত্রাকের আক্রমণ চাষীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে নতুন উদ্ভাবিত পদ্ধতি নিয়ে চাষীদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা গতকাল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে। আইইউবির লাইফ সায়েন্স বিভাগের আয়োজনে এ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন উদ্যোক্তা অংশ নেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল মাশরুম চাষে ছত্রাক দমনের নতুন পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া এবং টেকসই বিপণন ব্যবস্থা নিয়ে আলোচনা করা। আয়োজকরা জানান, চাষীদের মতামত নিয়ে এ পদ্ধতিকে আরো উন্নত করা হবে।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান আয়োজক ও আইইউবির সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার তার উদ্ভাবিত নতুন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান কীভাবে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি না করে ছত্রাক রোধ করে উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি জানান, ভালো ফলনের জন্য নিয়মিত শেখা এবং চাষের পদ্ধতিতে বৈজ্ঞানিক পরিবর্তন আনা জরুরি।

ড. জীবুন্নাহার খন্দকার জানান, তার গবেষণার প্রধান লক্ষ্য হলো মাঠপর্যায়ের চাষীদের সমস্যার সমাধান করা। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের কাজ কেবল স্নাতক তৈরি করা নয়, বরং সমাজের বাস্তব সমস্যা সমাধানে নতুন জ্ঞান তৈরি করা। তার এ উদ্ভাবন এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা পেয়েছে।

কর্মশালায় অংশ নেয়া প্রবীণ উদ্যোক্তা জামাল উদ্দিন আহমেদ জানান, সমন্বিত উদ্যোগ ও নিবিড় তত্ত্বাবধানের অভাবে খাতটি কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছে না। তিনি উল্লেখ করে বলেন, ‘সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক উদ্যোক্তা ঝরে পড়ছেন। মাশরুম পুষ্টিকর খাবার হলেও এর উৎপাদন থেকে বিপণন পর্যন্ত শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।’

আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. ইকরামুল হাসান ই-কমার্স ও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে মাশরুমের বাজার সম্প্রসারণের ওপর জোর দেন। তিনি উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক শক্তিশালী ব্র্যান্ড গড়ে তোলার পরামর্শ দেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘দীর্ঘ সময় পার হলেও সঠিক বিপণন ও বীজের অভাবের কারণে মাশরুম এখনো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়নি। এটি মূলত উচ্চবিত্ত ও মধ্যবিত্তের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’

অনুষ্ঠানে আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য রাখেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: