জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু
আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (বার্ন ইনস্টিটিউট) প্রাঙ্গণে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে গতকাল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী এবং বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বার্ন ইনস্টিটিউটের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এ বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা সহজে নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে আর্থিক লেনদেন হবে আরো নিরাপদ ও সহজ।’
অনুষ্ঠানে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় রোগী এবং তাদের স্বজনদের জন্য আর্থিক লেনদেন অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে, যা চিকিৎসাসেবাকে আরো সহায়ক করবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ন ইনস্টিটিউটের অধ্যাপক ডা. হাসিব রহমান ও ডা. নাসরিন সুলতানা এবং পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণের অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।


